ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ২১:৫৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই সকাল ৮টা পর্যন্ত) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৬ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, খুলনা বিভাগে ৪ জন এবং বরিশাল বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে দেশের অন্যান্য বিভাগে নতুন কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ৩১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৪ হাজার ৮৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এমএএম