যমুনায় বল তুলতে গিয়ে স্রোতে ভেসে গেল দুই ভাই

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২১:৫৮

সারিয়াকান্দিতে যমুনা নদীতে ভেসে গিয়ে দুই সহোদর স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। এরা হলো, বগুড়া শহরতলী আটাপাড়ার পল্লী চিকিত্সক আতিকুর রহমানের ছেলে ওমর আলী (১৫) ও জাহিদ হাসান (১২)। দুই জনেই বগুড়ার শাহিন স্কুলের ছাত্র। শুক্রবার দুপুরে উপজেলার কাজলা ইউনিয়নের পাকুরিয়া চরে এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বগুড়া শাহিন স্কুলের ১০/১২ জন শিক্ষার্থী সারিয়াকান্দিতে যমুনার তীরে বেড়াতে আসে। কালিতলা ঘাট থেকে বেলা একটার দিকে তারা নৌকায় করে পাকুরিয়া চরে যায়। বন্যার পানি শুকিয়ে যাওয়ায় জেগে উঠা  চরে তারা ফুটবল খেলার সময় হঠাত্ নদীতে বল ভেসে যায়। ঐ বল ধরতে গিয়ে প্রবল স্রোতের তোড়ে দুই সহোদর ভেসে যায়। সারিয়াকান্দি  থানার সাব ইন্সপেক্টর সুব্রত কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ দুই ভাইয়ের খোঁজ পেতে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল রওনা হয়েছে।