ভাসানচরে প্রশাসনিক অবদানে ডব্লিউএফপি-ইউএনএইচসিআরের স্বীকৃতি

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ২১:২১

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ভাসানচরে পরিচালিত মানবিক কার্যক্রমে প্রশাসনিক ভূমিকার স্বীকৃতি হিসেবে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর পৃথক প্রশংসাপত্র পেয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) হিসেবে দায়িত্ব পালনকারী মো. মাহফুজার রহমান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে দায়িত্ব পালনকালে তিনি পাঁচ বছরেরও বেশি সময় ভাসানচরের প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। এ সময় খাদ্য বিতরণ, সাইট ব্যবস্থাপনা, জীবিকায়ন, নিরাপত্তা, জরুরি সেবা এবং বিভিন্ন মানবিক কর্মসূচির সমন্বয়ে ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত ২০ জুন ডব্লিউএফপির ভাসানচর কার্যালয়ের প্রধান জন মারুটি স্বাক্ষরিত প্রশংসাপত্রে মাহফুজার রহমানের প্রশাসনিক দক্ষতা, নেতৃত্ব এবং সমন্বয় সক্ষমতার প্রশংসা করা হয়। এতে উল্লেখ করা হয়, বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যে খাদ্য সহায়তা ও রেশন পুনর্বিন্যাসের মতো সংবেদনশীল কার্যক্রম বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি ভাসানচরে মানবিক সহায়তা, উন্নয়ন এবং শান্তিভিত্তিক সমন্বিত কাঠামো (এইচডিপি নেক্সাস) বাস্তবায়নেও তাঁর অবদানের কথা তুলে ধরা হয়।

এর নয় দিন পর, ২৯ জুন ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন স্বাক্ষরিত পৃথক প্রশংসাপত্রেও তার প্রশাসনিক ভূমিকার স্বীকৃতি দেওয়া হয়। সংস্থাটি জানায়, প্রতিকূল পরিবেশে রোহিঙ্গাদের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে সাইট ব্যবস্থাপনা, জীবিকায়ন কর্মসূচি, জরুরি সেবা পরিচালনা এবং সরকারি সংস্থা, জাতিসংঘ ও অন্যান্য মানবিক অংশীদারদের মধ্যে সমন্বয় জোরদারে তাঁর অবদানের কথাও উল্লেখ করা হয়।

বিশেষজ্ঞদের মতে, ভাসানচরের মতো সংবেদনশীল মানবিক প্রকল্পে প্রশাসনিক দক্ষতার পাশাপাশি সরকারি সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও মানবিক সংগঠনগুলোর মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমন্বয়ের মাধ্যমে খাদ্য বিতরণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপত্তা, জীবিকায়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন সহজ হয়।

দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মো. মানসুরুল হক বলেন, ভাসানচরে রোহিঙ্গা ব্যবস্থাপনা বাংলাদেশের মানবিক কার্যক্রম পরিচালনার সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তাঁর ভাষ্য, অতিরিক্ত আরআরআরসি হিসেবে দায়িত্ব পালনকালে মো. মাহফুজার রহমান সরকারি সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জাতিসংঘ এবং মানবিক সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখতে ভূমিকা রেখেছেন। ডব্লিউএফপি ও ইউএনএইচসিআরের পৃথক প্রশংসাপত্রকে তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

বর্তমানে মো. মাহফুজার রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন