জাকির নায়েকের ভাষণে মালয়েশীয় পুলিশের নিষেধাজ্ঞা

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২৩:৪৩

মালয়েশিয়ায় একটি ইসলামি অনুষ্ঠানে বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েককে ভাষণ দেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে চীনা ও ভারতীয় সংখ্যালঘুদের নিয়ে বর্ণবাদী বক্তব্যের জের ধরে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে মালয়েশীয় পুলিশ।  

মালয়েশিয়ার সিনিয়র এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে আল জাজিরার খবরে বলা হয়ছে, পার্লিসে  মুসলিম ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী এক ইসলামী সম্মেলনে জাকির নায়েককে ভাষণ না দেয়ার জন্য পুলিশ নিষেধ করেছে। এই অনুষ্ঠানটি মালয়েশিয়ায় ধর্মান্তরিত মুসলিমদের সবচেয়ে বড় সমাবেশ। 

পার্লিসের পুলিশ প্রধান নুর মুশার সংবাদ সম্মেলনে জানান, জাকির নায়েকের বিরুদ্ধে পুলিশের কাছে ১৫০টি অভিযোগ রয়েছে। তিনি পার্লিস আসতে পারবেন কিন্তু বক্তৃতা দিতে পারবেন না। বক্তৃতা দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

সম্প্রতি জাকির নায়েকের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে মালয়েশিয়ায়। মালেশিয়ার ন্যাশনাল পেট্রিওটস অ্যাসোসিয়েশন জানিয়েছে, মালয়েশিয়দের উষ্কানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করুক জাকির নায়েক। সেইসঙ্গে জাকির নায়েককে মালয়েশিয়া থেকে বের করে দেয়ার দাবি উঠেছে। 

জাকির নায়েক মালয়েশিয়ার কোটা বারু শহরে এক বক্তৃতায় ভারতের মুসলমানদের সঙ্গে মালয়েশিয়ার হিন্দুদের অবস্থান তুলনা করেন। সেখানে তিনি বলেন, ভারতে মুসলমানরদের তুলনায় মালয়েশিয়ায় হিন্দুরা ১০০ শতাংশের বেশি সুযোগ-সুবিধা ভোগ করছে।

আরও পড়ুন: চীনে ভূমিধসে নিখোঁজ ১৭

এসময় জাকির আরও বলেন, মালয়েশিয়ার হিন্দুরা প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের তুলনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি বেশি আনুগত্য প্রকাশ করে। জাকিরের এসব বক্তব্যের জেরে শুরু হয় বিতর্কের ঝড়। তথ্য সূত্র: মালয় মেইল, আল জাজিরা, হিন্দুস্তান টাইমস। 

ইত্তেফাক/এসআর