ফরিদপুর-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে যাত্রীবাহী একটি বাস। এসময় বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।
রোববার (২ আগস্ট) বিকেলে মহাসড়কের ভাঙ্গার বাবলাতলা নামক বাসস্ট্যান্ডে বাসটি পানিভর্তি খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়।
পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রী ভরে ‘দশমনিয়া পরিবহন’ বাসটি বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বৃষ্টির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক দফা পাল্টি খেয়ে সড়কের পাশে থাকা খাদে পড়ে যায়। পরে স্থানীয় জনতা, ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ও হাইওয়ে থানা পুলিশ মিলে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই হাসান জানান, বাসটি বরিশালে দিকে যাচ্ছিল। বৃষ্টির কারণে পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক পাল্টি খেয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। দুর্ঘটনাকবলিত বাসটি ওপরে তুলতে কিছু সময় লাগবে। উদ্ধার শেষে ধারণা করা হচ্ছে, বাসের নিচে আর কোনো যাত্রী নেই।
ভাঙ্গা ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বৃষ্টির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। কয়েক পল্টি খাওয়ার পরও পানিভর্তি খাদে বাসটি সোজা হয়ে যায়। দুর্ঘটনায় তাৎক্ষণিক কেউ নিহতের খবর পাওয়া না গেলেও ২০ জনের বেশি আহত হয়েছে।

