ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ২০২৬–২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. শাকিল এবং সাধারণ সম্পাদক হিসেবে নুসরাত জাহান তাসনিম দায়িত্ব পেয়েছেন। সংগঠনের মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মুনিরা সুলতানা আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির নেতৃত্বের নাম ঘোষণা করেন।
একই সঙ্গে সংগঠনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সৃষ্ট বিশৃঙ্খলার অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎকালীন সাধারণ সম্পাদক ওয়ালিজা বিনতে সামস-এর পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মডারেটরের জারি করা নোটিশে বলা হয়েছে, অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার পদ স্থগিত থাকবে।
এদিকে, ২০২৫ সালের ২৩ জানুয়ারি থেকে সভাপতির দায়িত্ব পালন করে আসা মো. শাহ সুফি ওয়াছি মিয়া নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “আমি পূর্ণ নিষ্ঠা, সততা ও সাংগঠনিক শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। আশা করি, নতুন নেতৃত্বও সংগঠনের মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালন করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলবে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নেতৃত্বের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ আবৃত্তিচর্চা, বাচিক শিল্প, সাহিত্য-সংস্কৃতির বিকাশ এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।

