‘আমি সিসি ক্যামেরায় দেখেছি, কারা গুলি করেছে আমার ছেলেকে, আমার সন্তানকে মারধর কারা করেছে, টেনে নিয়ে যাচ্ছে কারা। আমি সবাইকে চিনি। কিন্তু কারও বিচার হচ্ছে না। আমি সরকারকে বলতে চাই, আমার সন্তানসহ সব সন্তান হত্যার বিচার নিশ্চিত করুন।’
কথাগুলো বলছিলেন জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ইমাম হাসান ভূঁইয়া তাইমের মা পারভীন আক্তার। রোববার (২ আগস্ট) রাজধানীর শিল্পকলা একাডেমির নাট্যমঞ্চে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘২০২৪-এর রক্তিম বর্ষার সন্তান হারানো মায়েদের প্রতি শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের মায়েরা। বিশেষ অতিথি করা হয় জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আরেক শহীদ মেহেরুন্নেসা তানহার মা আছমা আক্তার বলেন, জুলাই সনদের বাস্তবায়ন, জুলাই সনদের বাস্তবায়ন, শহীদ হত্যার বিচার এবং আহত ব্যক্তিদের সঠিক দেখভালের দায়িত্ব সরকার পালন না করলে এই কষ্ট আজীবন আমাদের বয়ে বেড়াতে হবে।
শহীদ মেহেদী হাসানের মা পারভীন আক্তার বলেন, ‘আমার ছেলের কোনো দোষ ছিল না, তাকে তিনটি গুলি করে হত্যা করেছিল পুলিশ। দুই বছর পার হয়ে গেলেও আমরা বিচার পাইনি এবং বিচার পাওয়ার মতো কোনো নিশ্চয়তাও পাচ্ছি না। সরকার যাতে দ্রুত জুলাই হত্যার বিচার নিশ্চিত করে, সে দাবি জানান তিনি।
অনেকে চব্বিশের বিপ্লব ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলেও তা সম্ভব নয় মন্তব্য করে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘আপনারা মনে রাখবেন, আপনারা সেটা পারবেন না। কারণ, চব্বিশে কী ঘটে গেছে, সেটা এই দেশে যারা ছিলেন, একমাত্র তাঁরাই উপলব্ধি করতে পারবেন।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুম শহীদ জননীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সন্তানেরা প্রাণ দিয়েছিল বলেই আমরা আজ নতুন এক বাংলাদেশ পেয়েছি। আমাদেরকে আপনারা নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করুন।’
অনুষ্ঠানে আলোকচিত্রী শহিদুল আলম বলেন, জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়া না গেলে তা শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা হবে উল্লেখ করে তিনি আক্ষেপ প্রকাশ করেন, ‘দুই বছর পার হতেই জুলাই শহীদদের ভুলতে বসেছি। ক্ষমতা চায়, আমরা তাঁদের ভুলে যাই। ক্ষমতা চায়, সবকিছু আগের মতো চলুক, আগের মতো সব থাকুক।
অনুষ্ঠানে কণ্ঠশিল্পী আসিফ আকবরের উপস্থিতিতে জুলাই গণ–অভ্যুত্থানভিত্তিক দেশাত্মবোধক একটি গানের অডিও-ভিজ্যুয়াল প্রকাশ করা হয়। গানটি গেয়েছেন আসিফ আকবর। এই গান থেকে আগামী ৬০ বছরে যে অর্থ আয় হবে, সেটা জুলাই ফাউন্ডেশনকে দান করার কথা জানান তিনি।

