গত শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে প্রথম বহরে দেশ ছেড়েছিলেন শান্ত, মুশফিক, তাইজুলসহ একাধিক ক্রিকেটার। ডারউইনে পৌঁছানোর পর গতকাল প্রথম দিনের মতো অনুশীলনে নেমেছিলেন প্রথম বহরে দেশ ছাড়া ক্রিকেটাররা। যেখানে খেলোয়াড়দের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন কোচিং স্টাফের সদস্যরাও। গতকাল বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দলের প্রস্তুতি এবং সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেছেন।
বিসিবির প্রকাশিত ভিডিওতে গতকাল তাইজুল বলেন, 'সফরটা ভালো ছিল। কারণ আসার সময় আমরা ট্র্যানজিট পেয়েছিলাম। ট্র্যানজিটে বিশ্রাম নেওয়ার একটা ব্যাপার ছিল। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।'
ডারউইনের সুযোগ-সুবিধা নিয়ে এই বাঁহাতি স্পিনার বলেন, 'আমরা এখানে যে সুযোগ-সুবিধা পাচ্ছি, সবকিছু মিলে প্রস্তুতি ভালোই হয়েছে। আলহামদুলিল্লাহ প্রথম দিন প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। এখানে সুযোগ-সুবিধা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং ও রানিং সব ধরনের কার্যক্রম আমরা ভালোভাবে করতে পেরেছি, তো খুব ভালো।'
অন্যদিকে রোববার রাতে দ্বিতীয় বহরে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন ইনজুরি থেকে লিটন দাস। এছাড়াও তার সঙ্গে ছিলেন মমিনুল হক ও প্রধান নির্বাচন হাবিবুল বাশার সুমন। যদিও প্রথম টেস্টে লিটন খেলতে পারবেন কিনা, সেটা নিশ্চিত নয়। ১৩ আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২২ আগস্ট সাউথ ম্যাককেতে। যদিও মূল ম্যাচে মাঠে নামার আগে ৬ তারিখ ডিএক্সসি এরিনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এছাড়াও এই দুই টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সিরিজটি নিয়ে সিরিয়াস টিম অস্ট্রেলিয়া। সিরিজে নিজেদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। গতকাল অনুশীলনও করেছে অস্ট্রেলিয়া। যেখানে বল হাতে একের পর বাউন্সার মারতে দেখা যায় অস্ট্রেলিয়া পেস ইউনিটের নেতা মিচেল স্টার্ককে। এই অজি পেসারকে নিয়ে বাড়তি সতর্কও বাংলাদেশ দল।
এর আগে সবশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন সে দল ম্যাচটি হেরেছিল ইনিংস ব্যবধানে। তবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েই ফিরতে চান দেশে।

