অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করে মিরাজ বললেন— ‘আমি শুধু চেষ্টা করেছি’ 

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৫:৫২

২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ দল। অজিদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। তার আগে গা গরমের ম্যাচে অস্ট্রেলিয়া একাদশে বিপক্ষে মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। 

তবে চাপের মুখে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন মেহেদী হাসান মিরাজ। এতে ২৬৩ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া একাদশ। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রথম দিন শেষে বিসিবির পাঠানো ভিডিওতে নিজের ব্যাটিং নিয়ে মিরাজ বলেন, ‘প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল। আমি শুধু চেষ্টা করেছি মেরিট অনুযায়ী খেলার। ওদের বোলাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে।’

শুরুতে কিছুটা দেখেশুনে খেলেন মিরাজ। শেষ পর্যন্ত ১১ চার ও ৪ ছক্কায় ১৪১ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন তিনি। কাজটা সহজ ছিল না জানিয়ে মিরাজ বলেন, ‘আমার জন্য একটু কঠিন ছিল, যেহেতু এই প্রথম এ কন্ডিশনে খেলছি। আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। জুটি গড়ার চেষ্টা করেছি। প্রথম দিকে রানের জন্য খেলিনি। চেষ্টা করেছি কীভাবে উইকেটে মানিয়ে নেওয়ায় যায়। পরে যখন সুযোগ পেয়েছি, রান করা সহজ হয়েছে।’

এই সেঞ্চুরি সামনের টেস্ট ম্যাচে কাজে দেবে বলে মনে করছেন মিরাজ। তিনি বলেন, ‘যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা (সেঞ্চুরি) আমাকে আত্মবিশ্বাস দেবে। আমি যে মাইন্ড সেটআপে ছিলাম, এটা যদি অব্যাহত রাখতে পারি, আমার জন্য ভালো হবে। দলের জন্যও ভালো হবে।’

ইত্তেফাক/জেডএইচ