চৌধুরী ফেরদৌস
মাথাগুলো এক করতে বলছেন?
মাথাগুলো কই!
মাথাগুলো কাটতে কাটতে
মাথা সেজে বসে আছে
অশিক্ষিত মূর্খ নেপোই।
মনে পড়ছে ১৯৭১, ২৫ মার্চ রাত্রি:
ঘোর কালবেলা;
লাশের পর লাশ পড়ছে,
মাথার পর পড়ছে কত্তো মাথা:
মেধাশূন্যতার খেলা!
মাথাগুলো এক করতে বলছেন,
ভালো বেশ ভালো...
এসব শুনে অশিক্ষিত ধূর্ত
নেপোয় মোচড়ায় আর
মুখ করছে কালো:
মাথা দিয়ে যায় কি করানো
সাদা জল ঘোলা?
জল যদি ঠিকঠাক না হয় ঘোলা
মাছগুলো কখনো
পগারে যায় না তোলা;
এ কথা জানে ধূর্ত নেপোই,
তাই সে রাখছে না মাথা:
সকাল, দুপুর, সন্ধ্যা ও রাতে
আলোতে-আঁধারে চিপায়
মাথা কাটবার কল তার পাতা...
মাথাগুলো এক করতে বলছেন?
মাথাগুলো কই!
দেখুন দেখুন স্যার, লেজগুলো
লেজ-শেকলি করে
নেপোয় মারছে দই।
