ইনিংস ব্যবধানে হারের পর সিমন্স বললেন, ‘হতাশাজনক’

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১২:৪৬

২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ দল। অজিদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। তার আগে গা গরমের ম্যাচে অস্ট্রেলিয়া একাদশে বিপক্ষে মাঠে নেমেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ব্যাটিং বিপর্যয়ে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। 

এমন হারকে হতাশাজনক বলেছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি বলেন, 'প্রস্তুতি ম্যাচটি হতাশাজনক ছিল। তবে আমরা সেটা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি। এখন আমাদের পুরো মনোযোগ সামনে থাকা টেস্ট ম্যাচে।'

তবে ভুল শুধরে প্রথম টেস্টে মাঠে নামতে চান জানিয়ে সিমন্স বলেন, 'আমাদের হাতে এখনও ৩ দিন সময় আছে এখানের ভুলগুলো শুধরে নিয়ে মূল ম্যাচে সব ঠিকভাবে করার। আমি বিশ্বাস করি, এই তিন দিনে আমরা নিজেদের নিয়ে কাজ করবো, যেন টেস্ট ম্যাচে নিজেদের জন্য ভালো সুযোগ তৈরি করতে পারি।'

তিনি আরও বলেন, 'আমরা নিজেদের নিয়ে কাজ করার জন্য আরও ৩ দিন সময় পাচ্ছি, এই ব্যাপারটা ভালো। এখানে প্রস্তুতি ম্যাচে আমরা ব্যাটিংয়ে নিজেদের হতাশ করেছি। আমরা কীভাবে আউট হয়েছি, আপনারা দেখেছেন, যা একদমই ভালো ছিল না।'

ইত্তেফাক/জেডএইচ