টেকনাফ সীমান্তে ৩ জেলেসহ ট্রলার নিয়ে গেলো আরাকান আর্মি

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ২০:৩৫

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদী ও বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা থেকে তিন জেলেসহ একটি বাংলাদেশি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। ঘটনার এক দিন পার হলেও আটক জেলেদের এখনো ফেরত দেওয়া হয়নি।

শনিবার (৮ আগস্ট) দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদ্বীয়া সংলগ্ন মিয়ানমারের জলসীমায় এ ঘটনা ঘটে।

আটক জেলেরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার লেড়ু মিয়ার ছেলে জসিম উদ্দিন, মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল ও আইয়ুবের ছেলে হারুন।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি জানান, শনিবার দুপুরে কয়েকজন জেলে নাফ নদীর মোহনায় মাছ ধরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে ট্রলারসহ তিন জেলেকে ধরে নিয়ে যায়। তবে আরও দুই জেলে পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন।

আব্দুল গণি বলেন, নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ শিকার করা জেলেদের জন্য আরাকান আর্মি এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সুযোগ পেলেই তারা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে নিয়ে যাচ্ছে।

জেলেদের নিরাপত্তায় নাফ নদীর জলসীমায় বয়া বা সীমানা চিহ্ন স্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, জলসীমায় সীমানা চিহ্ন না থাকায় স্রোতের টানে অনেক সময় জেলেরা অজান্তেই সীমান্ত অতিক্রম করেন। তখন তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনীক চৌধুরী বলেন, নাইক্ষ্যংদ্বীয়া সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত থেকে আরাকান আর্মির সদস্যরা একটি ট্রলারসহ তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। এ সময় আরও দুই জেলে পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে পেরেছেন বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে।

 
ইত্তেফাক/এমএএম