‘সবাইকে নিয়ে উন্নয়নের মাধ্যমে দেশের পরিবর্তন চান প্রধানমন্ত্রী’

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২১:১২

পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, 'সেতু, পুল, কালভার্ট নয়, হাসপাতাল, স্কুল, কলেজ নয়, সড়ক, রাস্তাঘাট নয় এই কাজগুলো আমাদের সকলের কর্তব্য কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবাইকে নিয়ে উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে একটা পরিবর্তন চান। আর এই পরিবর্তন একমাত্র সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করতে পারেন।' শনিবার বিকালে সিলেটের সুনামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, 'সংবাদকর্মীরা জাতির বিবেক ও সমাজের দর্পণ হিসেবে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে সরকারের গঠনমূলক সমালোচনা করেন।' বর্তমান সরকারের দেশব্যাপী স্কুল, কলেজ শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও যোগাযোগ ব্যবস্থাসহ অবকাঠামো উন্নয়নের সংবাদগুলো গুরুত্ব দিয়ে প্রচারের আহ্বান জানান। তিনি সুনামগঞ্জ প্রেসক্লাব ভবনটিকে দ্বিতল ভবন নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
 
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা রব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেরগুল আহমেদের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. চান মিয়া, সাধারণ সম্পাদক অ্যাড. সাহারুল ইসলাম।

আরও পড়ুন:  ‘বিএনপি-জামায়ত চক্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে’

এছাড়াও আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি বিজন সেন রায়, রনক আহমদ, অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান পীর, দৈনিক হাওর অঞ্চলের সম্পাদকও প্রকাশক মাহতার উদ্দিন তালুকদার, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সেলিম আহমদ তালুকদার প্রমুখ। 

মতবিনিময় সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

ইত্তেফাক/জেডএইচডি