বগুড়া অফিস
বগুড়ার সারিয়াকান্দিতে বেড়াতে এসে যমুনার চরে বল খেলার সময় নদীতে নিখোঁজ দুই সহোদরের মধ্যে ওমর আলীর (১৫) লাশ শনিবার সকালে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার বগুড়া শহরতলীর আটাপাড়ার হোমিও চিকিত্সক আতিকুর রহমানের ছেলে বগুড়া শাহিন স্কুলের নবম শ্রেণির ছাত্র ওমর আলী ও ষষ্ঠ শ্রেণির ছাত্র জাহিদ হাসান (১২) সারিয়াকান্দিতে বেড়াতে আসে। এ সময় তারা উপজেলার কাজলা ইউনিয়নের পাকুরিয়া চরে বন্ধুদের নিয়ে পানির মধ্যে বল খেলতে গিয়ে ডুবে যায়। রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওমর আলীর লাশ উদ্ধার করেছে।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল আমিন বলেন, আরেকজনের লাশ উদ্ধারে চেষ্টা চলছে।
থানার সাব ইন্সপেক্টর সুব্রত কুমার ঘোষ জানান, উদ্ধারকৃত লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
