ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগে একযোগে চার সরকারি দপ্তরে তালা 

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৮:৫০

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি, ছাত্রদল ও বঞ্চনার শিকার সাধারণ আবেদনকারীরা।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভের একপর্যায়ে ইউএনও’র কার্যালয়সহ বেশ কয়েকটি সরকারি দপ্তরে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা। এতে উপজেলার সব দপ্তরের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। তালা ঝুলিয়ে দেওয়ার পর বিক্ষোভকারীরা ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারীরা জানান, ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগের পদধারী নেতা এবং জামায়াত-শিবিরের কর্মীদের প্রাধান্য দেয়া হয়েছে। এ অনিয়মের প্রতিবাদে ইউএনও প্রিয়াংকা দাস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানার অপসারণের দাবিতে যুবদল, ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীসহ নিয়োগ বঞ্চিতরা একত্রিত হয়ে ইউএনও কার্যালয়, সমাজসেবা কার্যালয়, শিক্ষা অফিস ও এলজিইডিসহ প্রধান প্রধান দপ্তরগুলোর গেটে তালা লাগিয়ে দেয়।

সমাবেশ থেকে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত ফলাফল বাতিল, স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় নিয়োগ ও সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে অপসারণ করা না হলে নাচোল উপজেলার সকল সরকারি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে এবং আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে বক্তব্য দেন নাচোল উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, সাবেক পৌর সাধারণ সম্পাদক দুরুল হোদা, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল, যুবদলের সাধারণ সম্পাদক আজিম, সাবেক যুব নেতা দেলোয়ার হোসেন ডালিম এবং ছাত্রদল নেতা রিয়াদ ফারুক, রোমিওসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইউএনও প্রিয়াংকা দাস বলেন, স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এটা স্বাধীন দেশ, সবাই দাবি দাওয়া করতে পারে। বিষয়টি জেলা প্রশাসক স্যারকে অবহিত করা হয়েছে। বিক্ষোভকারীরা বিকাল ৩টা পর্যন্ত সরকারি অফিসগুলোর তালা খুলেননি, এতে সেবা প্রদান ব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ইত্তেফাক/এপি