কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনায় শুক্রবার বিকালে সালিশে এক ব্যক্তি খুন হয়েছেন। তার নাম মেরাজ মিয়া (৫০)। তিনি উপজেলার এলংজুরি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে এবং স্থানীয় ভূমি অফিসের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার এলংজুরি গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে এলংজুরি ইউপি চেয়ারম্যান গোলাপ মিয়া এবং শরাফত মিয়ার পক্ষের লোকজনদের কথা কাটাকাটি ও মারামারি হয়। শুক্রবার সকালে উভয় পক্ষ এলংজুরি বাজারে ঘটনার মীমাংসার জন্য বসে। ওই সময় চেয়ারম্যানকে লাঞ্ছিত করা হলে সালিশ ভেঙে যায়। পরে বিকালে পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষ সমঝোতা বৈঠকে বসে। এক সময় শরাফত মিয়ার ভাই মেরাজ মিয়া বৈঠক থেকে উঠে দোকানে চা খেতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। পুলিশ এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
ইটনা থানার ওসি মুর্শেদ জামান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
