নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যবর্তী বঙ্গোপসাগরের হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে লবণবোঝাই একটি বাল্কহেড ইঞ্জিন বিকল হয়ে ডুবে যায়। এতে ৭ জনকে জীবিত উদ্ধার করা হলেও মো. সাবের হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। পরে নিহত বৃদ্ধের মরদেহ ও উদ্ধার করা হয়েছে।
ইঞ্জিন বিকলের পাশাপাশি বৈরী আবহাওয়া ও তীব্র স্রোতের কবলে পড়ে বাল্কহেড ডুবে যায় বলে জানা গেছে।
বুধবার (১২ আগস্ট) সকালে হাতিয়া-সন্দ্বীপের মাঝামাঝি রোহিঙ্গা চরের পশ্চিমে বঙ্গোপসাগরের জাহাজ চ্যানেলে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মো. সাবের হোসেন চট্টগ্রামের কর্ণফুলী থানার আবু আলীর ছেলে। তিনি ডুবে যাওয়া বাল্কহেডের বার্বুচি ছিলেন।
চট্টগ্রাম বিভাগীয় কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক আব্দুল কাদের বলেন, ‘বুধবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম থেকে লবণ বোঝাই এমভি তানিম হাতিয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে হাতিয়া-সন্দ্বীপের মাঝামাঝি রোহিঙ্গা চরের পশ্চিমে বঙ্গোপসাগরের জাহাজ চ্যানেলে পৌঁছালে বাল্কহেডটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ইঞ্জিন বিকেলের পাশাপাশি বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাল্কহেডটি ডুবে যায়। পরে কাছাকাছি থাকা মাছ ধরার ট্রলারের সহযোগিতায় বাল্কহেডে থাকা সাতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এক বৃদ্ধ মো. সাবের হোসেনের মৃত্যু ঘটে।
এ ব্যাপারে হাতিয়া নৌ পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মো. মাসুদ ফয়সাল বলেন, দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিক আমাদের জানানো হয়নি। বিস্তারিত জেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

