নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জমিসংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে আছিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া খাতুন সাগুলী গ্রামের ছমেদ আলী ফকিরের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুরুজ আলী ও রফিক গ্রুপের সঙ্গে তাইজ্জ মিয়া গ্রুপের ২১ শতাংশ বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস-বৈঠকও হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাইজ্জ মিয়ার পক্ষ বিরোধপূর্ণ জমি দখলে নিতে গেলে প্রতিপক্ষ এতে বাধা দেয়। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে আছিয়া খাতুন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরিসহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

