আউট হয়ে মাঠেই হাসানের প্রশংসা করেন ট্রাভিস হেড

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ২০:২০

প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে দুর্দান্ত বোলিং করেছেন টাইগার পেসার হাসান মাহমুদ। ৫৫ রান দিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ার সেরা ৬টি উইকেট। এতেই ডারউইন টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। 

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজের চ্যালেঞ্জ ও মাঠের সাফল্য নিয়ে কথা বলেছেন হাসান মাহমুদ। তিনি বলেন, 'বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে বোলিং করাটা চ্যালেঞ্জিং ছিল। আমার প্রস্তুতি খুব ভালো ছিল। আমাদের বোলাররাও খুবই ভালো করেছে, বিশেষত তাসকিন ও এবাদতের বোলিং আমাকে সাহায্য করেছে।'

ধ্বংসী ব্যাটার ট্রাভিস হেডকেও আটকে দিয়েছেন হাসান। ভয়ঙ্কর হওয়ার আগে তুলে নেন তার উইকেটও। মাঠেই হাসানের প্রশংসা করেছেন হেড। টাইগার এই পেসার বলেন, 'ট্রাভিস হেড আমাকে বলেছে 'ভালো বোলিং'।'

তবে স্টিভেন স্মিথের উইকেট স্পেশাল ছিল বলে জানিয়েছেন হাসান। তিনি বলেন, 'আমার কাছে সবগুলো উইকেটই স্পেশাল, তবে স্মিথের উইকেটটা একটু বেশি স্পেশাল। সে ধরতে পারছিল না আমার বোলিং। আমার মনে হচ্ছিল যে, সে কিছু একটা করতে যাবে। তখন বাউন্সার করি আর সে সেটা মিস করে।'

তাসকিন আহমেদ ও এবাদত হোসের প্রশংসা করে হাসান বলেন, 'ভালো অনুশীলন করেছে এবং ম্যাচে আপনি তা দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে তারা খুবই সাহায্য করেছে, বিশেষ করে তাসকিন এবং এবাদত, তারা খুবই ভালো বোলিং করেছে।'

ইত্তেফাক/জেডএইচ