‘রাষ্ট্রবিরোধী’ তৎপরতায় লিপ্ত ঢাবির শিক্ষকদের বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ২১:৫৩

‘রাষ্ট্রবিরোধী’ গোপন তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের বিষয়ে খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে কমিটি সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে পর্যালোচনা করে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন এবং আইন অনুষদের ডিন।

কমিটি সংশ্লিষ্ট শিক্ষকদের সার্বিক বিষয় খতিয়ে দেখে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। ইতোমধ্যে কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ছবি: প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতা সংক্রান্ত একটি প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক গোপন তৎপরতায় লিপ্ত আছেন বলে উল্লেখ করা হয়েছিল। 

এতে আরও বলা হয়, তাদের (শিক্ষক) মধ্যে ইতোমধ্যেই ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা গেছে। আরও কারো নাম শনাক্ত করা গেলে কমিটি তাদের বিষয়ও খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। 

ইত্তেফাক/আরএইচ