সরকার দেশকে রাজনীতি শূন্য করে দিয়েছে --------------ফখরুল

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২১:৩৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে রাজনীতি শূন্য করে তুলেছে, বিরাজনীতিকরণ করছে, ডি-পলিটিসাইজড করছে। যেন রাজনীতি করতে না পারে বাংলাদেশের মানুষ, যেন রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে না পারে সে জন্য তারা সংবিধানে একের পর এক পরিবর্তন নিয়ে এসেছে এবং সেই পরিবর্তনগুলো করে বাংলাদেশের রাজনীতিকে সম্পূর্ণভাবে শূন্য করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে—দেশে এক দল থাকবে, আর কোনো দল থাকবে না। সেই ১৯৭৫ সালে আওয়ামী লীগ বাক্শাল প্রতিষ্ঠা করেছিল, বর্তমান এই আওয়ামী লীগ আবার একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং এজন্য দীর্ঘদিন ধরে তারা পরিকল্পনা করছে।

গতকাল শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিন গাজীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওয়ামী লীগ নেতা মো. আবদুল করিমসহ তার অনুসারীরা বিএনপিতে যোগ দেন। বিএনপি মহাসচিব তাকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি          বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। মির্জা ফখরুল বলেন, আবদুল করিমের মতো একজন জনপ্রিয় নেতার বিএনপিতে যোগদান  আমাদের অনুপ্রাণিত করেছে।

মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বর এদেশে কোনো ভোট হয়নি, এটি সবাই জানে। যারা নির্বাচন না করে ক্ষমতা দখল করে নিয়েছে তাদেরকে পদত্যাগ করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। একই সঙ্গে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে। ফখরুল বলেন, এই অবৈধ সরকার অর্থনীতিকে শেষ করে দিয়েছে। ব্যাংকগুলো পুরোপুরিভাবে দেউলিয়া করে ফেলা হচ্ছে। সরকারের কোনো নীতি না থাকার কারণে চামড়া শিল্প আজ ধ্বংস করে দেওয়া হয়েছে।

বিএনপিতে যোগদানকারী গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুল করীম বলেন, বিগত দিনে যে গণতন্ত্র ছিল সেই গণতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনার জন্যই আমি বিএনপিতে যোগ দিয়েছি।