ছুটির শেষ দিনে কাঁঠালবাড়ি ঘাটে ঢাকামুখী যাত্রীদের ঢল

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ০০:০৯

মাদারীপুরের শিবচরে কাঁঠালবাড়ি ফেরি ঘাটে ঈদ-উল আজাহার ছুটির শেষ দিনেও ছিল কর্মস্থল ঢাকামুখি যাত্রীদের ঢল। শনিবার (১৭ আগস্ট) সকালে কাঁঠালবাড়ি ঘাটে গিয়ে দেখা যায়, দিনের আলো বাড়ার সাথে সাথে ঢাকামুখি যাত্রীদের ভিড় বাড়তে থাকে। এদিকে আবহাওয়া স্বাভাবিক থাকায় অধিকাংশ যাত্রীরাই লঞ্চ ও স্পিডবোটে পার হচ্ছে। অতিরিক্ত যাত্রী ও বাড়তি ভাড়া আদায় বন্ধে প্রশাসন তৎপর রয়েছে ঘাট এলাকায়। 

কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাতায়াতের জন্য কাঁঠালবাড়ি নৌপথ ব্যবহার করছে। ঈদে যাত্রীসেবায় ২১টি ফেরি, ৮৭টি লঞ্চ, দেড় শতাধিক স্পিডবোট রাখা হয়েছে। এদিকে যাত্রী সেবা নিশ্চিত করতে ঘাট এলাকায় তিন শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ একাধিক নির্বাহী ম্যাজেসট্রট রয়েছে। পাশাপাশি সিসিটিভির মাধ্যমে ঘিরে রাখা হয়েছে পুরো কাঁঠালবাড়ি ফেরিঘাট। এ ছাড়া যাত্রীদের চাপ সামলাতে পুরোনো কাওড়াকান্দি লঞ্চঘাট চালু রাখা হয়েছে। 

বিআইডব্লিটিসি”র কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থপক আ. ছালাম মিয়া বলেন. আজ ছোট গাড়ি ও মোটসাইকেলের চাপ একটু বেশি। তবে আমাদের ১৮টি ফেরি সচল থাকায় যথা সময়ে সব গাড়ি গুলোই পাড় করতে পারছি।

শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, সকাল থেকেই আমরা ঘাট এলাকায় আছি। কোন প্রকার অতিরিক্ত যাত্রী ও বাড়তি ভাড়া নেয়ার সুযোগ নেই। অভিযোগ পেলেই ভ্রাম্যম্যান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমআই