ন্যায়বিচার হলে খালেদা জিয়াও প্রার্থিতা ফিরে পাবেন :ফখরুল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২৩:০২

রিটার্নিং অফিসার প্রার্থিতা বাতিল করলেও আপিলে বিএনপির অধিকাংশ প্রার্থী ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ন্যায়বিচার হলে খালেদা জিয়াও তার প্রার্থিতা ফিরে পাবেন। বিএনপির প্রার্থীদের বৈধ ঘোষণার কারণে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। গতকাল বৃহস্পতিবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন যেসব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দিয়েছিলেন, সেখানে অনেক জায়গায় প্রার্থীরা ন্যায়বিচার পাননি। বিএনপি বরাবরই যে কথা বলে আসছে, সেটি হলো- সরকারি কর্মকর্তাদের যে সরকার দায়িত্বে থাকে, তাদের কথা বেশির ভাগ সময় মেনে চলতে হয়। সে কারণে অনেক ক্ষেত্রে দেখা যায়, ন্যায়বিচার করা সম্ভব হয় না।

মির্জা ফখরুল বলেন, বিএনপির অনেক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ার ঘোষণা একটি বিজয়। বিএনপির আন্দোলনে জনগণের বিজয় যে আজকে দলের প্রার্থীরা বৈধ হয়ে এসেছেন এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। আমি এটাও আশা করি যে, ন্যায়বিচার যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে বেগম খালেদা জিয়াও নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হবেন, বিবেচিত হবেন।

নির্বাচনের পরিবেশের বিষয়ে ফখরুল ইসলাম বলেন, সরকার এত ভীত-সন্ত্রস্ত যে তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। নির্বাচন সাংবিধানিকভাবে নিরপেক্ষ হতে হবে, সেখানে সরকার বেআইনিভাবে হস্তক্ষেপ করছে। উদ্দেশ্য, নির্বাচনকে প্রভাবিত করা। তিনি আরও বলেন, সারা দেশে গ্রেফতার চলছেই, কোথাও কোথাও বাড়ছে। খবর এসেছে, বিএনপি কোথাও কোথাও ঘরোয়া সাংগঠনিক সভা করছে, সেখানেও বাধা দিচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও প্রশাসন এখানে অনেক ক্ষেত্রে যুক্ত হচ্ছে।