‘ডারউইন টেস্ট বাংলাদেশই জিতবে’— সাবেক অজি ক্রিকেটারের ভবিষ্যদ্বাণী

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১২:৫৫

টানা দুই দিনের মতো ডারউইন টেস্টের তৃতীয় দিনেও দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নিয়েছে টাইগাররা। এরপর দ্বিতীয় ইনিংসেও বল হাতে দারুণ শুরু পেয়েছে সফরকারী দল। দলীয় ৭৩ রানের মাথায় টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি চোখে টেস্টে জয়ের পাল্লা ভারি বাংলাদেশের দিকে। এমনকি ইনিংস ব্যবধানেও টাইগাররা জিততে পারেন বলেও মনে করছেন তিনি।

তৃতীয় দিনের খেলা চলার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গিলেস্পি বলেন, ‘ইনিংস ব্যবধানে জয়ের সুযোগ অবশ্যই আছে। একটি টেস্টে ২২৮ রানের লিড অনেক বড় বিষয়। আমার যতদূর জানা, অস্ট্রেলিয়া মাত্র তিনবার প্রথম ইনিংসে ২০০ বা তার বেশি রানে পিছিয়ে থেকেও টেস্ট জিতেছে।’

তবে শুধু পরিসংখ্যান নয়, ডারউইনের উইকেটের চরিত্রও বাংলাদেশের বোলারদের বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করেন গিলেস্পি। তিনি বলেন, ‘ইতিহাস বাংলাদেশের পক্ষে কথা বলছে। এখন উইকেটও বোলারদের সহায়তা করতে পারে। বাংলাদেশ আরও ভালো বোলিং করতে পারে। আমি আশা করছি, বাংলাদেশই এই ম্যাচ জিতবে। সব মিলিয়ে দারুণ একটি ম্যাচ হচ্ছে।’

টাইগার পেসার হাসান মাহমুদের প্রশংসা করে গিলেস্পি বলেন, 'হাসান ৫৫ রানে ৬ উইকেট নিয়েছে, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং ফিগার। সে এটার প্রাপ্য ছিল, কারণ দারুণ বল করেছে। এবাদত ও তাসকিনও ভালো বল করেছে। মেহেদী কিছু বল করেছে, তাইজুলও।'

ইত্তেফাক/জেডএইচ