রংপুরের মিঠাপুকুরে মাদক সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার চেষ্টার ঘটনায় স্বামী হারুন মিয়াকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্ত্রী রহিমা বেগম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার ভোররাতে রাণীপুকুর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার রাণীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের অটোভ্যান চালক হারুন মিয়া দীর্ঘদিন থেকে মাদক সেবনে আসক্ত। এ নিয়ে হারুন মিয়ার সাথে স্ত্রী রহিমা বেগমের প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন শনিবার ভোররাতে মাদক সেবন করে বাড়ি ফেরেন হরুন। বাড়িতে আসার পর আবারও তিনি মাদক সেবন শুরু করেন। স্ত্রী রহিমা বেগম এতে বাধা দিতে এলে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে ছুরি দিয়ে রহিমা বেগমের গলায় আঘাত করে হারুন মিয়া। চিৎকার শুনে আশপাশের লোকজন রহিমাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় হারুনকে ঘরে আটকে রেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। দুপুরে ঘটনাস্থলে এসে ঘাতক স্বামীকে আটক করে পুলিশ।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, মাদক সেবনে বাধা দেয়ার কারণে স্ত্রীকে হত্যার চেষ্টা করে হরুন। তাকে আটক করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন রহিমা বেগম। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/এমআই
