ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খামার মুন্দিয়া গ্রামে গলায় ফাঁস লেগে জান্নাতুল (৮) নামের এক শিশু মারা গেছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঘরে শিকায় ঝুল খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। সে আকরাম হোসেনের মেয়ে ও দুলালমুন্দিয়া গ্রামের সরকারি প্রাইমারি স্কুলের ২য় শ্রেণির ছাত্রী।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলি জানান, শিশুটি হাড়ি পাতিল রাখার পাটের তৈরি শিকায় ঝুল খেলছিল। কোন এক সময় তার গলা আটকে ফাঁস লেগে মারা যায়। এ সময় শিশুটির বাবা মা ঘরে ছিল না। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের প্রতিবেশি আমিন উদ্দীন জানান, দুপুরে খাওয়ার পর বাবার সাথে শিশুটি ঘরে ঘুমিয়ে ছিল। মা বাড়ির পাশে মাঠে ছাগলের ঘাস আনতে যায়। কিছুক্ষণ পর তার বাবাও মেয়েকে ঘরে রেখে বাইরে যান। ঘুম থেকে উঠে ঘরের ভিতরে থাকা শিকায় ঝুল খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মারা যায় শিশুটি। পরে মা বাড়িতে এসে ঘরে যেয়ে দেখে ফাঁস লেগে ঝুলে রয়েছে।
ইত্তেফাক/এমআই
