পিসিরবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ০৮:০৪

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পিসির বাড়ি বেড়াতে এসে রঞ্জন চন্দ্র সেন (০৯) নামের এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বোর্ডের হাট সেনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রঞ্জন চন্দ্র সেন লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের গজেন চন্দ্র সেনের ছেলে। 

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, দুই দিন আগে রঞ্জন মায়ের সঙ্গে পিসিরবাড়ি বেড়াতে আসে। শনিবার সেখানে খেলাধুলা করার এক পর্যায়ে সকলের অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুত্র সন্তানের মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/এমআই