এক রাতের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে চট্টগ্রাম নগরের অন্যতম বড় পাইকারি ও খুচরা বাণিজ্যকেন্দ্র রিয়াজউদ্দিন বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাজারের বিভিন্ন দোকান ও গুদামে পানি ঢুকে কাপড়, জুতা, ব্যাগ, প্রসাধনী, ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্য নষ্ট হয়েছে। ব্যবসায়ীদের দাবি, এক রাতের জলাবদ্ধতায় বাজারে কোটি টাকার পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) রাত থেকে চট্টগ্রামে শুরু হওয়া ভারী বৃষ্টি সোমবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে। এতে নগরের বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। রিয়াজউদ্দিন বাজারের সড়ক ও অলিগলিতেও পানি জমে। একই সময়ে জোয়ার থাকায় পানি দ্রুত নামতে না পারায় বাজারের দোকান ও গুদামে পানি ঢুকে পড়ে।
ব্যবসায়ী কবির আহমেদ বলেন, রাতে পানি বাড়তে শুরু করলে অনেক ব্যবসায়ী দোকানের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পানি দ্রুত বাড়ায় নিচতলায় থাকা অনেক পণ্য সরানো সম্ভব হয়নি। এতে কাপড়, জুতা, ব্যাগ, প্রসাধনী ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্য পানিতে ভিজে নষ্ট হয়েছে।
আরেক ব্যবসায়ী আব্দুর গফুর বলেন, বৃষ্টির পানি দোকানের ভেতরে ঢুকে পড়ায় নিচে রাখা অনেক পণ্য সরানো যায়নি। প্রতিবছর জলাবদ্ধতার কারণে তাদের ক্ষতির মুখে পড়তে হয়। এবারও বড় ধরনের লোকসান হয়েছে।
প্রতিবছরই জলাবদ্ধতায় ক্ষতি
হাজারো পণ্যের এই গুরুত্বপূর্ণ পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলছেন, ভারী বৃষ্টি হলেই রিয়াজউদ্দিন বাজারে জলাবদ্ধতা তৈরি হয়। এতে একদিকে পণ্য নষ্ট হয়ে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হয়, অন্যদিকে পানি জমে থাকায় দোকান খোলাও কঠিন হয়ে পড়ে।
সোমবার সকালেও বাজারের বিভিন্ন অংশে পানি জমে থাকায় অনেক ব্যবসায়ী সময়মতো দোকান খুলতে পারেননি।
ব্যবসায়ীদের দাবি, বাজারের পানি নিষ্কাশনব্যবস্থা কার্যকর না হলে প্রতিবছরই এ ধরনের ক্ষয়ক্ষতি অব্যাহত থাকবে। ভারী বৃষ্টির সময় দ্রুত পানি সরাতে বাজারকেন্দ্রিক বিশেষ ব্যবস্থা নেওয়া এবং নালা-নর্দমা নিয়মিত পরিষ্কারের দাবি জানিয়েছেন তারা।
২৪ ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টি
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায়ই ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
লঘুচাপের প্রভাব ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে চট্টগ্রামে আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ভারী বৃষ্টিতে রিয়াজউদ্দিন বাজারের পাশাপাশি আগ্রাবাদ, সিডিএ, মুরাদপুর, কাতালগঞ্জ, কাপাসগোলা, রাহাত্তারপুল, বাকলিয়া ও চকবাজারসহ নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমেছে। এতে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
চট্টগ্রামে আরও দুই থেকে তিন দিন বৃষ্টির পূর্বাভাস থাকায় জলাবদ্ধতা মোকাবিলায় ব্যবসায়ীদের তাৎক্ষণিক করণীয়গুলো ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

