কুমিল্লায় কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল করবে রাষ্ট্রপক্ষ। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার এক সপ্তাহ সময় চাইলে তা মঞ্জুর করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ। গত ২৮ নভেম্বর বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কুমিল্লার নাশকতার মামলায় খালেদা জিয়াকে জামিন দেয়। ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের চেম্বার জজ আদালত জামিন স্থগিত না করে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী ও কায়সার কামাল ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ শুনানি করেন। শুনানি শেষে জামিন স্থগিত না করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ১৩ ডিসেম্বরের মধ্যে লিভ টু আপিল দায়ের করতে বলে আদালত।
২০১৫ সালের ২৫ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ৩২ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এই মামলায় গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লার জেলা ও দায়রা আদালত খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন। ওই খারিজের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি।
