মনসা মঙ্গলের রচিয়তার সেই মন্দিরে মনসা পূজা অনুষ্ঠিত

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৬:৫৬

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে ঐতিহ্যবাহী মনসা মন্দিরে বাৎসরিক পূজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে।মন্দিরটি ৫২৫ বছর আগে স্থাপন করেছিলেন বাংলা সাহিত্যের অমর গ্রন্থ ‘মনসা মঙ্গল কাব্যের’ রচয়িতা, মধ্য যুগের বিখ্যাত কবি বিজয় গুপ্ত। রবিবার সকাল নয়টা থেকে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। 

মন্দিরের পুরোহিত রবীন্দ্রনাথ চক্রবর্তী ও কাজল চক্রবর্তী জানান, দেশ-বিদেশের হাজারও ভক্তের অংশ গ্রহণের মধ্য দিয়ে পূজা অর্চনা শেষে প্রসাদ বিতরণ করা হয়েছে।
 
ঐতিহাসিক মতে, ৫২৫ বছর আগে মধ্য যুগে সুলতান হোসেন শাহ্‌র রাজত্বকালে তার রাজ দরবারের কবি বিজয় গুপ্ত ইংরেজি ১৪৯৪ সনে নিজ বাড়িতে মনসা দেবীর মন্দির প্রতিষ্ঠা করে পূজা অর্চনা শুরু করেন। এরপর থেকে এই মনসা মন্দিরসহ সমগ্র ভারতীয় উপমহাদেশে মনসা পূজার প্রচলন শুরু হয়। পঞ্জিকা মতে, শ্রাবণ মাসের শেষ দিনে সাপের দেবী মনসার পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। 

আরও পড়ুন: ঠিকমত চালাতে না পারলেও ছেলের আবদার রেখেছিলেন বাবা

বিজয় গুপ্ত রচিত ‘মনসা মঙ্গল’ বা ‘পদ্মপুরাণ’ কাব্যে সর্বপ্রথম ইংরেজি দিন, তারিখ ও সনের লিপিবদ্ধ করায় তাকে রাজ দরবারে ‘মহাকবি’ উপাধি দিয়েছিলেন সুলতান হোসেন শাহ্। মহাকবি বিজয় গুপ্তর পিতার নাম সনাতন গুপ্ত ও মাতার নাম রুক্সিনী দেবী।

বরিশাল জেলা প্রশাসন জেলার দর্শনীয় স্থানের তালিকার শীর্ষে রেখেছেন ঐতিহাসিক বিজয় গুপ্তের মনসা মন্দিরের নাম। সারা বছর দেশ-বিদেশের পুণ্যার্থী, শিক্ষার্থী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের পর্যটনের উল্লেখযোগ্য স্থান হিসেবে রয়েছে এ মন্দিরের স্বীকৃতি।

ইত্তেফাক/অনি