অস্ট্রেলিয়াকে হারাবে বাংলাদেশ, আশা করেননি ডি ভিলিয়ার্স

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৩:১২

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের হারানোর কীর্তি গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

নিজেদের মাটিতে অজিদের এমনভাবে হারতে দেখে অবাক হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। তবে বাংলাদেশের এই জয় ক্রিকেটে দারুণ ব্যাপার, তা মানতে কোনো আপত্তি নেই সাবেক প্রোটিয়া অধিনায়কের। 

বাংলাদেশের জয় নিয়ে ভিলিয়ার্স বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য বাংলাদেশের এই জয় দারুণ ব্যাপার। তবে অস্ট্রেলিয়ার জন্য তা মোটেও ভালো বিষয় নয়। তাদেরকে নতুন করে ভাবতে হবে। সত্যি বলতে আমি বাকরুদ্ধ।’

বাংলাদেশ সামনে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে। এ প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, ‘বাংলাদেশ আমাদের কাছে আসতে আসতে কতটা উন্নতি করে ফেলেছে, এটা দেখে ভালো লাগছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে কি না তা অবশ্য বড় প্রশ্ন। যদি পারে, বলা যায় না। বাংলাদেশের সবাইকে অভিনন্দন।’

পরে রসিকতা করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কী অভূতপূর্ব বিজয়! আমিই হয়ত সেই সৌভাগ্যের প্রতীক ছিলাম। যে দেশের ভক্তদের সঙ্গে আমার দেখা হচ্ছে, তারা ভালো করছে। সত্যি বলতে কেউই আশা করিনি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাবে। বিশেষ করে খেলাটা অস্ট্রেলিয়ায় ছিল বলে। ওখানে গিয়ে টেস্ট জেতা সহজ নয়।’

ইত্তেফাক/জেডএইচ