নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের আগে বরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্রায় সাড়ে তিন ভরি ভরি সোনার গহনা, নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্র লুট করে নেয় বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চর কালী এলাকার আনু মাঝির বাড়িতে এই ঘটনা ঘটে। আগামী ২৫ আগস্ট ওই বাড়িতে তাদের ছোট ছেলে ওমর ফারুক বিয়ের প্রস্তুতি চলছিলো।
ভুক্তভোগী পরিবারের ওমর ফারুক জানান, আমি আমার মাকে নিয়ে ঢাকায় অবস্থান করছিলাম। ঘরে আমার ভাবী, ভাতিজি ও ভাগ্নি ছিলেন। গভীর রাতে ওই ডাকাত দল ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর শুরু করে। এসময় ভয়ে আমার ভাবী রুমে দরজা লক করে আমাদের ফোন দিচ্ছিলেন। পরে ওই ডাকাত দল ঘরে বিয়ের জন্য কেনা ও ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ কিছু টাকা ও গুরুত্বপূর্ণ আসবাবপত্র নিয়ে যায়। এসময় এলাকাবাসী টের পেয়ে যাওয়ায় ওই ডাকাতদল একটি দেশীয় অস্ত্র, দুটি রড় রেখে পালিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

