অনেক শক্তিশালী হয়ে ফিরে আসবে অস্ট্রেলিয়া— দাবি সিমন্সের

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৬:৩৬

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ধরাশায়ী হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৯ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেছে টাইগাররা। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দ্বিতীয় টেস্টে অজিরা শক্তিশালী হয়ে ফিরবে বলে মনে করছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। 

দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে ম্যাকাইতে নিয়মিত অনুশীলন করছে টাইগাররা। বৃহস্পতিবার (২০ আগস্ট) দলীয় অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন কোচ ফিল সিমন্স। এ সময় দলের আত্মবিশ্বাস প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে টেস্ট ম্যাচ জিতলে তো আত্মবিশ্বাস পাবেনই। আমরা ভালো খেলেছি। ভালো একটি টেস্ট ম্যাচ জিতেছি। ফলে আত্মবিশ্বাস অনেক বেশি আছে।’

ডারউইনে হারলেও অস্ট্রেলিয়া দল ম্যাকাইতে শক্তিশালী হয়ে ফিরবে দাবি করে সিমন্স বলেন, ‘আমি কেবল একটি কথাই বারবার বলে যেতে চাই, অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী হয়ে ফিরে আসবে। ফলে আমাদেরকে নিজেদের লেভেল ধরে রাখতে হবে অথবা কিছুটা উন্নতি করতে হবে।’ 

টাইগারদের কোচ আরও বলেন, ‘আমরা যদি একভাগও উন্নতিও করতে পারি, তাহলে নিশ্চিত করতে হবে যে, আমরা মাঠে তা করে দেখাচ্ছি। তবে আমরা জানি, অস্ট্রেলিয়া তাদের খেলা বদল করে আমাদেরকে চেপে ধরবে।’

ডারউইন টেস্ট জয় কোচিং ক্যারিয়ারের সেরা জয় কিনা, এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘অবশ্যই, আমার কোচিং ক্যারিয়ারের সেরা টেস্ট জয় এটি। অন্য ফরম্যাটে কিছু বড় জয় ছিল। তবে টেস্ট ক্রিকেটই সেরা।’

ইত্তেফাক/জেডএইচ