ডারউইনে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে টাইগাররা। ঐতিহাসিক জয়ের পর ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের ব্যাটিং-বোলিং, শান্তর অধিনায়কত্ব সবকিছু নিয়েই দারুণ উচ্ছ্বসিত ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।
অ্যাশ কি বাত ইউটিউব চ্যানেলে শান্তর অধিনায়কত্বের প্রশংসা করে অশ্বিন বলেন, ‘আমি তার (নাজমুল হোসেন শান্ত) অধিনায়কত্বে মুগ্ধ হয়ে গেছি। তিনি বোলারদের যেভাবে ব্যবহার করলেন, নিজের ব্যাট হাতে অবদান রাখলেন এবং আক্রমণাত্মক ভঙ্গিমায় খেললেন- এক কথায় অসাধারণ। নাথান লায়নকে সুবিধা করতেই দেননি। বাংলাদেশের জন্য এই জয় অনেক বড়।’
বাংলাদেশের পেসারদের প্রশংসা করে ভারতের সাবেক এই স্পিনার আরও বলেন, ‘এই টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে তাদের ফাস্ট বোলিং আক্রমণ যেভাবে বল করেছে, তা বাংলাদেশের জন্য জয়ের ভিত তৈরি করে দিয়েছিল। তাসকিন দারুণ জায়গায় বল করেছেন। হাসান ছিলেন অসাধারণ। চেন্নাইয়ে যখন বাংলাদেশ টেস্ট খেলেছিল, হাসান মাহমুদ কিন্তু আমাদের বেশ ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন।’
ডারউইন টেস্টের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিমের প্রশংসা করে তিনি বলেন, ‘এই টেস্টে বাংলাদেশের ভালো দিক ছিল তাদের ব্যাটিং। তানজিদ হাসান তামিম পুরো আধিপত্য বজায় রেখে ব্যাট করেছেন। শান্তর ব্যাটিংও ছিল চমৎকার। আর নিচের দিকে মেহেদীও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সত্যি বলতে তারা অজিদের কোনো সুযোগই দেয়নি।’

