কাঙ্গালিনী সুফিয়া অসুস্থ হয়ে হাসপাতালে

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ০০:৩৩

 ‘কোন বা পথে নিতাইগঞ্জে যাই’ ‘পরাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে’—এমন অসংখ্য জনপ্রিয় গানের বাউল সংগীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বুধবার তিনি সাভারের জামসিং এলাকার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চিকিত্সার জন্য এনাম মেডিক্যাল এন্ড কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ৬২১ নম্বর রুমে চিকিত্সাধীন রয়েছেন। কাঙ্গালিনী সুফিয়ার মেয়ে পুষ্প জানান, তার মা গুরুতর অসুস্থ, কথা বলতে পারছেন না। শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। তিনি তার মায়ের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। এদিকে কাঙ্গালিনী সুফিয়ার অসুস্থ হওয়ার খবর শুনে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান অনেক ভক্ত। সংগীতে অসামান্য অবদানের জন্য ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন এই গুণী বাউল সংগীত শিল্পী।