ইংলিশ প্রিমিয়ার লিগ

১৬ ম্যাচ পর সিটির হোঁচট

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২০:২০

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে শেষ সময়ের নাটকীয়তায় ১৬ ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়বঞ্চিত হয়েছে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। যোগ করা সময়ে ভিএআর-খড়গে গ্যাব্রিয়েল জেসাসের গোল ‘অবৈধ’ ঘোষিত হলে চার মাস আগে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দুঃসহ স্মৃতি ফেরে ইতিহাদ স্টেডিয়ামে। স্পার্সদের বিপক্ষে সিটির ২-২ গোলে ড্রয়ের দিনে কষ্টার্জিত জয় পেয়েছে লিভারপুল। সাউদাম্পটনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে তারা।

গেল মৌসুমে সিটির ঘরোয়া ত্রিমুকুটের পাশাপাশি হাতছানি ছিল ইউরোপীয় সাফল্যেরও। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তাদের পথ আগলে দাঁড়ায় টটেনহ্যাম। আরেকটু স্পষ্ট করে বললে ভিএআর। দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলে সমতায় থাকলেও ‘অ্যাওয়ে গোল’ নিয়মে পিছিয়ে ছিল সিটি। ফলে শেষ মুহূর্তে আরো একটি গোল প্রয়োজন ছিল দলটির। সেটি পেয়েও গিয়েছিল। কিন্তু যোগ করা সময়ে স্টার্লিংয়ের গোলটি ভিএআরে বাতিল হলে কপাল পোড়ে সিটির।

প্রেক্ষাপটের বিচারে প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের সঙ্গে কোনোভাবেই তুলনা চলে না চ্যাম্পিয়ন্স লিগের নকআউট দ্বৈরথের। কিন্তু সিটির প্রতিপক্ষ যখন সেই টটেনহ্যাম, সেই রোমাঞ্চকর ম্যাচ কি আর স্মৃতিতে না এসে পারে? শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামেও শেষ মুহূর্তে এমনই রোমাঞ্চের পসরা সাজিয়ে বসেছিল দুই দল। সিটি ফরোয়ার্ড রাহিম স্টার্লিং আর সার্জিও আগুয়েরোর গোলের জবাব এরিক লামেলা আর লুকাস মৌরার লক্ষ্যভেদে ভালোভাবেই দিয়েছিল সফরকারী টটেনহ্যাম।

যোগ করা সময়ে রক্ষণের জটলা থেকে স্পার্সদের জালে বল পাঠান জেসাস। একদফা উদযাপনের পর ভিএআরে দেখা যায় কর্নার থেকে ভেসে আসা বল ব্রাজিলীয় ফরোয়ার্ডের কাছে যাবার আগে ছুঁয়ে গিয়েছিল সিটি ডিফেন্ডার আইমেরিক লাপোর্তের হাত। ফলে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে শিরোপাধারীরা। এর ফলে সিটির ১৬ ম্যাচের জয়যাত্রায় ছেদ পড়ল।

তবে দলের কোচ পেপ গার্দিওলা জানালেন, ভিএআরের এমন সিদ্ধান্ত মেনে নিতেই হবে সবাইকে। স্প্যানিশ কোচের ভাষ্য, ‘আমাদের এটা মেনে নিতেই হবে। এটা কঠিন কেননা আমরা শেষদিকে একটা গোল করতে সক্ষম হয়েছিলাম। এর বেশি জানতে হলে ভিএআরের লোকজনকে জিজ্ঞেস করুন, আমাকে নয়।’

ম্যাচ চলাকালীন সময়ে আগুয়েরোকে তুলে জেসাসকে মাঠে নামিয়েছিলেন গার্দিওলা। সিদ্ধান্ত মনোপুত না হওয়ায় কোচের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয় আর্জেন্টাইন ফরোয়ার্ডের। তবে একে নিছকই আবেগ হিসেবে দেখছেন গার্দিওলা, ‘সে ভেবেছিল যে, গোলটা আমরা হজম করেছিলাম সেজন্য তার উপর আমি রাগ করেছিলাম। কিন্তু এটা নিছকই আবেগ। আর এটা খেলারই অংশ। এরপর আমরা কথা বলেছি। আমি তাকে ভালোবাসি কেননা আমরা জানি তার অনুভূতিটা কেমন।’

সিটির হোঁচটের দিনে সাউদাম্পটনের বিপক্ষে জয় তুলে নিয়েছে লিভারপুল। রবার্তো ফিরমিনো আর সাদিও মানের গোলে এগিয়ে গেলেও ম্যাচের শেষ দিকে গোলরক্ষক আদ্রিয়ানের ভুলে গোল হজম করলে চাপে পড়ে কোচ য়ুর্গেন ক্লপের দল। তবে এরপর রক্ষণের দৃঢ়তায় ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে অল রেডরা। দিনের অন্য ম্যাচে পিয়েরে এমেরিক অবামেয়াং ও আলেক্সান্দার লাকাজেতের লক্ষ্যভেদে বার্নলির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আর্সেনাল।