নিজেদের ব্যর্থতা স্বীকার করে বাংলাদেশকে ‘ভালো দল’ বললেন প্যাট কামিন্স

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১৫:৪৭

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ধরাশায়ী হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৯ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেছে টাইগাররা। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের বিকল্প নেই অজিদের সামনে। শনিবার (২২ আগস্ট) ম্যাকাই টেস্টে নামার আগে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স ডারউইনে নিজেদের ব্যর্থতা স্বীকার ও বাংলাদেশের প্রশংসা করেছেন।

শুক্রবার (২১ আগস্ট) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে হার নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় হার কি না, এমন প্রশ্নে কামিন্স বলেন, ‘আসলে জানি না। দর্শকরা বিবেচনা করবে। ভারত বা ইংল্যান্ড সিরিজ হলে সবাই ভাবে, এবার সব ম্যাচ জিততেই হবে। অবশ্যই আশা তো করিই সব ম্যাচ জেতার। ঘরের মাঠে টেস্ট খেললে আমাদের চেষ্টা থাকে যত বেশি জেতা যায়।’

বাংলাদেশ দলের প্রশংসা করে অজি অধিনায়ক আরও বলেন, ‘আমরা আগের ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিলাম না। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে। তারা বেশ ভালো ক্রিকেট দল। অবশ্যই আদর্শ (ফল) নয়, তবে চেষ্টা করবো বেশি ম্যাচ জেতার।’

ম্যাকাইতে খুব বেশি খেলা না হওয়ায় উভয়ের পারফরম্যান্সে প্রভাব থাকবে বলে মনে করেন কামিন্স। তিনি বলেন, ‘কিছুটা প্রভাব রাখবে। কিছু ফুটেজ দেখেছি অস্ট্রেলিয়া এ দল এবং ভারত এ দলের। এখানে লম্বা সময় ব্যাট করে যেতে পারলে ব্যাট করা যায়। যদিও সেটা কয়েক বছর আগের। পিচ এখন ভিন্ন হতে পারে।’

ইত্তেফাক/জেডএইচ