বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ২০:০৩

একটি পরিবর্তন এনে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ। 

ট্রাভিস হেডের সঙ্গে অস্ট্রেলিয়ার ইনিংস শুরু করবেন সাড়ে তিন বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফেরা রেনশ। সর্বশেষ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে ভারতের বিপক্ষে টেস্ট খেলেন তিনি। ২০১৬ সালে অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় রেনশর। ১৪ টেস্টের ২৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৬৪৫ রান করেছেন তিনি। 

তিন পেসার ও এক স্পিনার নিয়েই একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া। গুঞ্জন ছিল একাদশ থেকে বাদ পড়তে পারেন অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। ডারউইনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মাত্র ১ উইকেট শিকার করেন তিনি। টেস্টের শেষদিকে স্পিনাররা সুবিধা পেতে পারে, এজন্যই লায়নকে একাদশে রেখেছে অস্ট্রেলিয়া। 

বোলিং অলরাউন্ডার হিসেবে একাদশে আছেন ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার। প্রথম টেস্টে কোনো উইকেট নিতে না পারলেও, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন গ্রিন। তার ১০৪ রানের সুবাদে ইনিংস হার এড়াতে পারে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ব্যাট-বল হাতে সুবিধা করতে পারেননি ওয়েবস্টার। তারপরও তাকে নিয়েই একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া।

প্রথম টেস্ট ৯ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে অস্ট্রেলিয়া। শনিবার (২২ আগস্ট) থেকে ম্যাকাইয়ে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। 

অস্ট্রেলিয়া একাদশ: ম্যাট রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

ইত্তেফাক/জেডএইচ