হাজীগঞ্জে মৎস্য অধিদফতরে অনিয়ম: ৩ দিনের প্রশিক্ষণ একদিনেই শেষ

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২০:৪০

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মৎস্য অধিদফতরে তিন দিনের ট্রেনিং প্রোগ্রাম এক দিনেই শেষ হয়েছে। সেই সঙ্গে অংশ নেওয়া জেলেদের জন্য সরকার নির্ধারিত ভাতার অর্ধেক টাকা কেটে রাখার অভিযোগ উঠেছে। তালিকার ৬০ ভাগ প্রকৃত জেলে ছিলনা। 

রবিবার দুপুরে সরেজমিনে হাজীগঞ্জ মৎস্য কর্মকর্তার অফিসে গিয়ে জানা গেছে, হাজীগঞ্জ উপজেলায় এক হাজার ৮২৫ জন নিবন্ধিত জেলে রয়েছেন। তাদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে এবারের প্রশিক্ষণে তাদের সরকারের বরাদ্দকৃত তিনদিনের প্রশিক্ষণ মাত্র একদিনেই দেওয়া হয়েছে। আবার তিনদিনের ভাতার অর্ধেক টাকা কেটে রেখেছেন মৎস্য কর্মকর্তা।

কয়েকজন প্রশিক্ষণার্থী নাম প্রকাশ না করা শর্তে বলেন, তেমন কিছু শেখানো হচ্ছে না। কয়েকটি ছবি তুলে শেষ হয়ে যায় প্রশিক্ষণ। আমরা জেনেছি তিনদিনের প্রশিক্ষণ। প্রতিদিনের ৩০০ টাকা হিসেবে মোট ৯০০ টাকা দেওয়ার কথা। অথচ একদিন প্রশিক্ষণ দিয়ে তিনদিনের রেজুলেশন খাতায় স্বাক্ষর নিয়ে ৯০০ টাকার স্থলে দেওয়া হয়েছে মাত্র ৪৫০ টাকা।

আরও পড়ুন: যাদুকাটা নদীটি যাদের কাছে ‘যাদুরকাঠি’

অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মাহবুব মোস্তফা জানান, সময়ের অভাবে তিনদিনের প্রশিক্ষণ একদিনে শেষ করেছি।

ভাতা সংক্রান্ত প্রসঙ্গে তিনি বলেন, অফিসিয়াল কাগজপত্রসহ অনেক খরচ আছে। তাই ৪৫০ টাকা কেটে রাখা হয়েছে। জেলেদের তালিকায় ভুয়া জেলে প্রায় ৬০ ভাগ; এমন প্রশ্নের জবাবে এই মৎস্য কর্মকর্তা বলেন, তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতেই বিভিন্ন পেশার লোকজনকে জেলে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 

ইত্তেফাক/অনি