আটোয়ারীতে স্কুল থেকে ২১ ল্যাপটপ চুরি

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২১:২৬

আইসিটি লার্নিং সেন্টারের ল্যাব থেকে সব ল্যাপটপ চুরি হয়েছে। ল্যাবের জানালার গ্রিল কেটে ২১টি ল্যাপটপ ও একটি এলসিডি মনিটর চুরি হয়েছে বলে দাবি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৫ আগস্ট রাতে ল্যাপটপগুলো চুরি হয়। তবে ১৬ আগস্ট বিকালে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে। পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ চুরির ঘটনাটি ঘটে। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ আটোয়ারী থানায় অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে চুরির একটি মামলা দায়ের করে। তবে পুলিশ এ পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি।

বিদ্যালয়ের দায়িত্বরত নৈশপ্রহরী ইউসুফ আলী জানান, ১৬ আগস্ট বিকালে আমি বিদ্যালয়ে এসে দেখতে পাই বিজ্ঞান ভবনের দ্বিতীয় তলায় আইএলসি ল্যাবের সামনের বাতিটি জ্বলছে না। পরে আমি কাছে গিয়ে দেখতে পাই ল্যাবের ভিতরে একটি ল্যাপটপও নেই। তাত্ক্ষণিকভাবে আমি প্রধান শিক্ষকসহ বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করি।

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম জানান, নৈশপ্রহরী ইউসুফ আলীর ফোনে বিষয়টি জানতে পারি। ল্যাবে ২১টি ল্যাপটপ, একটি মনিটর ও ল্যাপটপের ২০টি চার্জার ছিল।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জয়ন্ত কুমার সাহা জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করার চেষ্টা করছি।