সাটুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের নানা সমস্যা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ০০:৩৬

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের বরাইদ মুন্নু আবাসন প্রকল্পের বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছে। অভাব-অনটন আর নানা সমস্যায় দিনাতিপাত করতে হচ্ছে প্রকল্পের ৯২টি পরিবারের ৫ শতাধিক হতদরিদ্র সদস্যকে। সমস্যায় জর্জরিত এসব বাসিন্দার দুর্ভোগ নিরসনে অনেকে আশ্বাসের কথা শুনালেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে জানালেন আশ্রয়ণের বাসিন্দারা।

জানা যায়, ২০০১ সালে ২২৫ শতাংশ ভূমির উপর ৯২টি পরিবারের জন্য টিনশেড স্থাপন করা হয় আশ্রয়ণ প্রকল্প। সে সময় প্রতি পরিবারকে ১শতক করে জমি দেয় সরকার। ওই ভূমিতে ৬টি ব্যারাক ৯২টি কক্ষ এবং তাদের জন্য রান্নাঘর ১৬টি ল্যাট্রিন, ৪টি আর্সেনিকমুক্ত গভীর নলকূপ, একটি কমিউনিটি সেন্টার ও একটি করবস্থানের জায়গা দেওয়া হয়।

এ ব্যাপারে আশ্রয়ণ বাসিন্দারা জানান, টিনশেডের ওই ৯২টি পরিবারের প্রায় সব ঘরেই সামান্য বৃষ্টিতে পানি পড়ে। টিউবঅয়েল বসানোর কয়েক বছর না যেতেই হয়ে পড়ে অকেজো। এতে আশ্রয়ণের ৫ শতাধিক বাসিন্দা আর্সেনিকে আক্রান্ত হওয়ার আশঙ্কায় অনেক দূর থেকে তাদের খাবার পানি আনেন। একমাত্র কমিউনিটি সেন্টারটিও জরাজীর্ণ হয়ে দীর্ঘদিন যাবত্ বন্ধ। কমিউনিটি ঘরের টিনের ছাউনি নষ্ট হয়ে পড়ায় বৃষ্টি এলে পানি পড়ে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা আরো জানান, সরকার আমাদের মাথা গোজার ঠাঁই করে দিয়েছে। তবে এখন আর তেমন খবর রাখে না।