বিশ্বকাপ ফুটবলের কিছু অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি বিতর্কিত পরিকল্পনা ফাঁসের পর থেকেই চাপ আছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেই পরিকল্পনা থেকে সরে এলেও এখনও সামালোচনায় বিদ্ধ হচ্ছে তিনি। এবার কয়েকজন ফুটবলার মিলে একটি যৌথ বিবৃতি দিয়েছেন। সেখানে বর্তমান নেতৃত্বের অধীনে ফুটবল তার ‘মূল আদর্শ’ থেকে দূরে সরে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা।
ফিফা ‘প্লেয়ার্স ভয়েস প্যানেল’-এর সদস্য এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের সাবেক ফরাসি ডিফেন্ডার মিকেল সিলভেস্ত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিবৃতি প্রকাশকারীদের অন্যতম। ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নস লিগজয়ী সিলভেস্ত্রে ফিফায় ‘নতুন যুগ’ শুরুর আহ্বান জানান। ফিফার সাবেক বর্ষসেরা নারী ফুটবলার ও ইংল্যান্ডের ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ এবং ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার এমানুয়েল পেতিতও একই ধরনের বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
বিশ্বকাপ দুই বছর পরপর আয়োজনের ব্যর্থ উদ্যোগসহ ফিফা সভাপতি ইনফান্তিনোর বিভিন্ন পরিকল্পনাকে এর আগে সমর্থন জুগিয়েছিলেন সংস্থাটির কিছু অফিশিয়াল ‘লেজেন্ডস’। এবার তাদের মধ্য থেকেই অন্তত একজনের সরাসরি ইনফান্তিনোর নেতৃত্বকে সমালোচনা করার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে দ্য টাইমস।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মনে যে শঙ্কা রয়েছে, আমাদের মধ্যেও ঠিক একই শঙ্কা কাজ করছে। তাদের মতো আমরাও দেখেছি, ফিফার বর্তমান নেতৃত্বের অধীনে আমাদের প্রিয় এই খেলাটি কীভাবে এর মূল আদর্শ থেকে দূরে সরে গেছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সাম্প্রতিক ঘটনাবলি আমাদের চুপ থাকার সুযোগ রাখেনি। যথেষ্ট হয়েছে। ফিফার ভেতরেও ভালো মানুষ আছেন, যারা আস্থা ফিরিয়ে আনতে চান। নতুন একটি যুগের সূচনার জন্য কাঠামোগত পরিবর্তন দরকার: ফুটবল কীভাবে পরিচালিত হবে, তাতে খেলোয়াড় ও ভক্তদের বাস্তব ও সরাসরি মতামত থাকতে হবে।’

