রাজশাহী সরকারি সিটি কলেজের ছাত্র ফারদিন আশারিয়া রাব্বি হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছে এক ছিনতাইকারী।
রওনক নামে ঐ ছিনতাইকারী জবানবন্দিতে বলেছে, ছিনতাইয়ের উদ্দেশ্যেই রাব্বির পথ রোধ করেছিল সে। ধস্তাধস্তির এক পর্যায়ে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। শনিবার সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক সেলিম রেজার কাছে এমন জবানবন্দি দিয়েছে রওনক।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, কলেজছাত্র রাব্বি হত্যার পর দিনই হেরোইনসহ রওনককে গ্রেফতার করে পুলিশ। সে চিহ্নিত ছিনতাইকারী। রওনক নগরীর হেতেমখাঁ ছোটো মসজিদ এলাকার মৃত কুদরত আলীর ছেলে।
গত ৬ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী সরকারি সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ফারদিন ইসনা আশারিয়া রাব্বিকে কুপিয়ে হত্যা করা হয়। এদিকে গ্রেফতারের পর রওনকের দেওয়া তথ্যানুযায়ী তার বাড়ির শয়ন কক্ষ হতে হত্যাকাণ্ডে ব্যবহূত একটি ১৫ ইঞ্চি লম্বা ধারালো দা উদ্ধার করে পুলিশ।
জবানবন্দিতে রওনক আরো জানায়, সে মাদকাসক্ত। ঘটনার দিন নেশার টাকা জোগাড়ের জন্য সে একাই ছিনতাইয়ের উদ্দেশ্যে রাস্তায় ওত পেতে ছিল।
