কাশ্মীরে ইন্টারনেট ও টেলিফোন-সেবা ফের বন্ধ করা হয়েছে। সহিংসতার আশঙ্কায় স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। রাজ্যটিতে নির্বিচারে গ্রেফতারের অভিযোগ উঠেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কাশ্মীর ইস্যুতে দৃষ্টি সরাতে পরমাণু যুদ্ধ বাধাতে পারে ভারত। আর তুরস্ক জাতিসংঘকে আরো সক্রিয় হওয়ার আহবান জানিয়েছে। এদিকে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ভারতের সাবেক দুই সেনা কর্মকর্তাসহ ৬ জন।
শনিবারই ইন্টারনেট ও টেলিফোন-সেবা আংশিকভাবে ফিরেছিল জম্মুতে। ২৪ ঘণ্টার মধ্যেই গতকাল ফের এই সেবা বন্ধ করে দেওয়া হয় পাঁচটি জেলায়। জম্মু, সাম্বা, কাঠুয়া, উধমপুর, রিয়াসি এলাকায় ২ জি ইন্টারনেট ও টেলিফোন সেবা আপাতত বন্ধ। সংবাদ সংস্থা সূত্রের খবর, ভুয়া খবর ছড়িয়ে পড়া এবং বিক্ষোভ রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে প্রশাসন বলছে যান্ত্রিক ত্রুটির কারণেই এই অবস্থা। স্থানীয়দের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, অতি ডানপন্থী বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দল জম্মুতে বাইক র্যালি করে। এর জেরে যাতে কোনো বিক্ষোভ বা হিংসা না ছড়ায় সেজন্যই এই পদক্ষেপ।
জানা গেছে, শনিবার সন্ধ্যা থেকেই জায়গায় জায়গায় বিক্ষোভ শুরু হয়। সরকারি মুখপাত্র রোহিত কানসালের বক্তব্য অনুযায়ী, ছয় জায়গায় বিক্ষোভ হয়েছে শুধু শনিবারই। পুলিশ এবং বিক্ষুব্ধ জনতার খন্ডযুদ্ধে আহতও হয়েছেন ৮ জন। আজ সোমবার শ্রীনগরে ১৯০টি স্কুল খুলে দেওয়ার কথা রয়েছে। জম্মু-কাশ্মীরে কেন্দ্রের নিয়ন্ত্রণের বিরুদ্ধে আদালতে ৬টি আবেদন জমা পড়েছে। আবেদকারীদের দাবি নিয়ন্ত্রণ শিথিলের। এদের মধ্যে ভারতের সাবেক দুই সেনা কর্মকর্তাও রয়েছেন।
ইমরান খানের সতর্কতা
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সতর্ক করেছেন, কাশ্মীর ইস্যুতে দৃষ্টি ভিন্নদিকে সরাতে পরমাণু যুদ্ধ বাধিয়ে দিতে পারে নয়াদিল্লি। একের পর এক টুইটে ইমরান খান লিখেছেন, ভারতের পরমাণু অস্ত্রভাঁন্ডার থেকে অন্য দেশগুলো কতটা নিরাপদ, এবার গুরুত্ব দিয়ে ভাবা উচিত বিশ্বের। কারণ এটা এমন বিষয় যার প্রভাব শুধু এই অঞ্চলেই পড়বে না, গোটা বিশ্বে পড়বে। শনিবারই ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়, ভারতের দিক থেকে যে কোনো পরমাণু হামলা মোকাবিলায় প্রস্তুত পাকিস্তান। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কাশ্মীর নিয়ে জাতিসংঘের আরো সক্রিয় ভূমিকা পালন করা উচিত। জাতিসংঘের নীতিগত কাঠামোর মধ্যে থেকে কাশ্মির সমস্যার সমাধান করা উচিত। - এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা
