বিমানবন্দরে ১০ হাজার পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২১:৫৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ জসিম উদ্দিন নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গতকাল রবিবার দুপুরে নভোএয়ারের ভিকিউ ৯৩৪ বিমানে কক্সবাজার থেকে অবতরণের পর শাহজালালের বহিরাঙ্গন থেকে তাকে আটকের পর ওই ইয়াবা জব্দ করে আর্মড পুলিশ। আটক জসিম উদ্দিনের বাড়ি কক্সবাজার টেকনাফের উখিয়ায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

তিনি বলেন, যাত্রী জসিম উদ্দিন নভোএয়ারে শাহজালালে অবতরণের পর বহিরাঙ্গনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে ইয়াবার বিষয়টি অস্বীকার করেন। পরে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শুরু করলে তিনি ইয়াবা পরিবহনের বিষয়টি স্বীকার করেন। নিজ পেটে বিশেষ বেল্ট দিয়ে বাঁধা ইয়াবার প্যাকেট বহন করছিলেন তিনি। প্রায় ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।