পিত্তথলিতে পাথর হওয়া খুবই পরিচিত একটি সমস্যা। চারপাশের পরিচিত অনেকের কাছে এই কথা বলতে শোনা যায়। পেটের ডান দিকে যকৃতের পেছনে ও তলার দিকে পিত্তথলি থাকে। পিত্তথলিতে কোলেস্টেরল, বিলিরুবিন বা ক্যালসিয়াম ইত্যাদি পদার্থের সংমিশ্রণে পাথরগুলো পিত্তরসের সঙ্গে মেশানো অবস্থায় থাকে। পিত্তথলিতে পাথর হলে এতে প্রদাহ হয়, যাকে কোলেসিস্টাইটিস বলা হয়। তখন ওপর পেটের ডান দিকে ব্যথা হতে পারে। সেই সঙ্গে বমিভাব বা বমি, হালকা জ্বর, জন্ডিস ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। স্থ্থূল ও ওজনাধিক্য ব্যক্তিদের পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পুরুষদের তুলনায় নারীদের এই প্রবণতা বেশি। এছাড়া চল্লিশোর্ধ্ব বয়স, জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাবার অভ্যাস, অতিরিক্ত চর্বিযুক্ত খাদ্য গ্রহণ ইত্যাদি এই ঝুঁকি বাড়িয়ে দেয়। পিত্তথলিতে পাথর নির্ণয়ের জন্য আলট্রাসনোগ্রাম, ইআরসিপি জাতীয় পরীক্ষা চিকিত্সকরা করে থাকেন। এর একমাত্র চিকিত্সা হলো পিত্তথলি অপারেশনের মাধ্যমে ফেলে দেওয়া।
লেখক: ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ
