গাজীপুরে বাসায় বিস্ফোরণ থেকে আগুন, নিহত এক

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২৩:৫৭

গাজীপুর সিটি করপোরেশনের সালনা কাথোরা এলাকার একটি বাসায় শনিবার ভোরে এক বিস্ফোরণের ঘটনা থেকে আগুন লেগে গিয়ে চারজন দগ্ধ হন। এদের মধ্যে আকলিমা খাতুন (৫০) নামে একজন রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।

অগ্নিদগ্ধ অপর তিনজন হলেন—মৃত আকলিমা খাতুনের স্বামী সালনা কাথোরা এলাকার মো. ইয়াকুব আলী মন্ডল (৬০), তার ছেলে স্বপন (২২) এবং আকলিমার বাবা নূর মোহাম্মদ (৮০)। এদের মধ্যে ইয়াকুব আলী মন্ডল ও নূর মোহাম্মদ বর্তমানে ঢাকা মেডিক্যালে চিকিত্সাধীন আছেন। সামান্য আহত স্বপনকে গাজীপুরের স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়।

নিহতের পুত্রবধূ সাদিয়া আফরিন সাথী জানান, তার শ্বশুরের অবস্থাও আশঙ্কাজনক। বার্ন ইউনিটের আইসিইউতে রেখে তার চিকিত্সা চলছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া চিকিত্সকের বরাত দিয়ে জানান, নিহত আকলিমার শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এছাড়া ইয়াকুব আলীর শরীরের শতভাগ এবং  নূর মোহাম্মদের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. শরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঐ বাড়ির রান্নাঘর অক্ষত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে ঘরে গ্যাস জমে ছিল এবং বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয় কাথোরা দাখিল মাদ্রাসার সুপার মো. ওয়াদুদ জানান, একতলা বাড়ির একটি ঘরে ইয়াকুব ও তার স্ত্রী এবং পাশের ঘরে তাদের ছেলে স্বপন ও তার নানা ঘুমিয়ে ছিলেন।

তিনি বলেন, শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে বিকট শব্দে ঘরের দরজা-জানালা ভেঙে যায় এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী এসে আগুন নিভিয়ে দগ্ধ তিনজনকে ঢাকা মেডিক্যালে পাঠান। আগুনে ঘরের খাট, বিছানা-পত্র, কাপড়-চোপড়সহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে।