রূপগঞ্জে ভাড়াটিয়াকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা, গ্রেফতার এক

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২৩:৫৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজের বাড়ির ভাড়াটিয়া এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গৃহকর্তার ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। গৃহকর্তার ছেলে শওকতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার রূপসী প্রধানবাড়ির সিরাজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ লম্পটকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শওকত হোসেন রূপসী প্রধানবাড়ির সিরাজুল ইসলামের ছেলে। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, ঐ গার্মেন্টস কর্মী তার বৃদ্ধা মা ও ছোটো ভাইকে নিয়ে রূপসী এলাকার সিরাজুল ইসলামের বাড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছে। সে বরপা এলাকার অন্তিম গার্মেন্টসে হেলপার হিসেবে কাজ করে। প্রায় সময়ই বাড়িওয়ালার ছেলে শওকত ঐ গার্মেন্টস কর্মীকে কুপ্রস্তাব দিত এবং তার অফিসে একা তাকে দেখা করতে বলত। সে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শওকত তাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখাত। শনিবার রাতে শওকত তার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটি চিত্কার দিলে শওকত পালিয়ে যায়। পরে  মেয়েটি রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ শওকতকে গ্রেফতার করে।

মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জে আলী হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে শনিবার রাতে উপজেলার কালনী বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আলী হোসেন নরসিংদী জেলার মাধবদী থানার চরপাড়া এলাকার মোকলেচ মিয়ার ছেলে। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, শনিবার রাতে রূপগঞ্জে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানা পুলিশ। কালনী এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রি করার সময় আলী হোসেনকে ৫৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।