বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকার তাকে মুক্তি দিচ্ছে না। আজকে আইন নেই, সুবিচার নেই। ন্যায় বিচার নেই বলেই বেগম খালেদা জিয়া কারাগারে; দেশে আইনের শাসন নেই বলেই বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দি। ন্যায় বিচার থাকলে এসব হতো না। বেগম জিয়াকে আটকে রেখেছে বলেই মধ্যরাতের নির্বাচন করা সম্ভব হয়েছে। তিনি মুক্ত অবস্থায় থাকলে সকল অন্যায়-অনাচারের বিরুদ্ধে সোচ্চার হতেন, প্রতিবাদ করতেন, এত বড়ো অন্যায় তিনি হতে দিতেন না।
গতকাল ড্যাব-বিএসএমএমইউ শাখার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করতে শাহবাগে লিফলেট বিতরণকালে রুহুল কবির রিজভী একথা বলেন। রিজভী বলেন, সরকার ও সিটি করপোরেশন কার্যকর উদ্যোগ না নেওয়ায় সারাদেশে ডেঙ্গু ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। সিটি করপোরেশন কার্যকর ওষুধ আনার কোনো পদক্ষেপ না নিয়ে শুধু বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। অপরদিকে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যুবরণ করছে, সেদিকে সরকারের কোনো খেয়াল নেই।
রিজভী বলেন, মশা নিধনে এখন যে ওষুধ ব্যবহার করছে তাতে মশাতো মরছেই না বরং আরো সতেজ হয়ে জ্যামিতিক হারে মশা বংশ বৃদ্ধি করছে। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ উজ্জামান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য রাজিব আহসান, ছাত্রদল ঢাকা মহানগর (পূর্ব) এর সভাপতি খন্দকার এনাম ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিকসহ ড্যাবের অনেক চিকিত্সক।
