মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০০:১৯

মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং প্রতিরোধে মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন র‌্যাব-২ অধিনায়ক নয়মুল হাসান।

তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে র‌্যাবের অভিযানে এসব অপরাধ অনেকটাই কমেছে, তবে এতে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। লক্ষ্য মোহাম্মদপুরের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনা।

শনিবার (২৯ আগস্ট) র‌্যাব-২-এর কনফারেন্স রুমে মোহাম্মদপুর থানার ১৩টি হাউজিং সোসাইটির নেতাদের নিয়ে সভা হয়। অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

র‌্যাব-২ এর অধিনায়ক নয়মুলশনিবার (২৯ আগস্ট) র‌্যাব-২-এর কনফারেন্স রুমে মোহাম্মদপুর থানার ১৩টি হাউজিং সোসাইটির নেতাদের নিয়ে সভা হয়। অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। 

নয়মুল হাসান বলেন, মোহাম্মদপুর এলাকায় মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা গত কয়েক মাসে র‌্যাবের অভিযানে অনেকটাই কমে এসেছে। তবে এতে র‌্যাব এখনই সন্তুষ্ট নয়। মোহাম্মদপুরের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে চায় র‌্যাব। এজন্য এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।

হাউজিং সোসাইটির প্রতিনিধিরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত দেন এবং মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং প্রতিরোধে র‌্যাবের সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করেন। আগের তুলনায় বর্তমানে এলাকায় অনেকটাই নিরাপদে বসবাস করছেন বলেও তারা জানান।

সভায় অপরাধ নিয়ন্ত্রণে প্রতিটি হাউজিং সোসাইটিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, জরুরি যোগাযোগের জন্য হটলাইন চালু এবং নিয়মিত টহল ও তল্লাশি চৌকি আরও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।

র‌্যাব-২ অধিনায়ক বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাউজিং সোসাইটিগুলোর উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দিয়ে তিনি মাদক ও কিশোর গ্যাংয়ের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে নির্ভয়ে র‌্যাবকে জানানোর আহ্বান জানান।


তিনি বলেন, র‌্যাব-২-এর হটলাইন নম্বর ০১৭৭৭৭১০২৯৯ সার্বক্ষণিক জনসাধারণের অভিযোগ নেওয়ার জন্য খোলা রয়েছে। অভিযোগকারী ও তথ্য প্রদানকারীর পরিচয় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সুরক্ষিত রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এসময় নয়মুল হাসান সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুরে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে র‌্যাব-২ পরিচালিত বিভিন্ন সফল অভিযানের চিত্র তুলে ধরেন। পাশাপাশি ছিনতাই রোধে নিয়মিত টহল, চেকপোস্ট ও বিভিন্ন দায়িত্ব পালনের তথ্য উপস্থাপন করেন।

ইত্তেফাক/এমএসআর